ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও নগরসেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শন শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরে যান।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডিএনসিসির প্রশাসককে বাসভবনে ডেকে নগর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সামগ্রিক নগর ব্যবস্থাপনা পরিদর্শনে বের হন। পুরো সফরজুড়ে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালান।
পরিদর্শনের সময় তার বহর ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা ৩, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টর, এয়ারপোর্ট সড়ক, কাকলী, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, বনানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা, বৃক্ষরোপণ ও নগর অবকাঠামোর বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন স্থানে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি নগরসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন