অনলাইন ডেস্ক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে রাজনৈতিক পক্ষপাত থেকে বেরিয়ে দেশপ্রেম, সততা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমির মিলনায়তনে আয়োজিত চার দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গত ১৭ বছরে প্রশাসনের রাজনৈতিকীকরণ হয়েছে। সেই ধারা থেকে বেরিয়ে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।”
প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত শ্রেণির একটি অংশ হিসেবে সরকারি কর্মকর্তাদের দায়িত্বও অনেক বেশি। তাই নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে এবং জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, শুধুমাত্র আনুষ্ঠানিকতা রক্ষার জন্য বা উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে কর্মসূচি গ্রহণের কোনো অর্থ নেই। প্রতিটি উদ্যোগের মূল লক্ষ্য হতে হবে জনগণের বাস্তব উপকার নিশ্চিত করা।
সালাহউদ্দিন আহমদ বলেন, সঠিক পরিকল্পনা ও নীতিনির্ধারণের জন্য নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার দাবি, অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে দেশের বিভিন্ন পরিসংখ্যান বিকৃত করা হয়েছে।
তিনি বলেন, “আদমশুমারি, কৃষি উৎপাদন, মাথাপিছু আয়সহ বিভিন্ন খাতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। এজন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।”
দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কৃষিভিত্তিক শিল্প সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব।
এছাড়া দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান ও রেমিট্যান্স খাতকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
মন্তব্য করুন