এনজিওগুলোর তথ্য না দেওয়ায় প্রায় সাড়ে ৪ হাজার নগর স্বাস্থ্যকর্মীর চাকরি অনিশ্চয়তায় পড়েছে। সরকার নগর স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আনার উদ্যোগ নিলেও ৯৭টি স্বাস্থ্যকেন্দ্রের তথ্য এখনো জমা দেয়নি সংশ্লিষ্ট এনজিওগুলো।
স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া লিখিত আবেদন ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত নগর স্বাস্থ্য প্রকল্পের অর্থায়ন বন্ধ হওয়ার পর গত ছয়-সাত মাস ধরে অনেক কর্মী বেতন পাচ্ছেন না। এতে তারা চরম আর্থিক সংকটে রয়েছেন।
স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, কয়েকটি এনজিওর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত সেবামূল্য আদায়, নিয়োগে স্বজনপ্রীতি, দুর্নীতি ও বেতনবৈষম্যের অভিযোগ রয়েছে। প্রকল্প শেষ হওয়ার পর স্বাস্থ্যসেবার বিভিন্ন ফি কয়েক গুণ বাড়ানো হয়েছে, ফলে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা ব্যয়ও বেড়েছে।
নগর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের আহ্বায়ক ডা. সালেহা খাতুন দীর্ঘদিন কর্মরতদের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসনিম বলেন, নগর স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কাউকে বাদ না দিয়ে সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আত্তীকরণের চেষ্টা চলছে।
সূত্র: কালবেলা
মন্তব্য করুন