গাজীপুরের টঙ্গীতে দুই নাবালিকা শিক্ষার্থীকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ ও নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ইব্রাহিম খলিল (৩৫) টঙ্গীর মুদাফা বিশারটেক এলাকার হাজী কালু মিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে অনাকাঙ্ক্ষিত আচরণ করার অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। পরদিন একই শ্রেণির আরও এক শিক্ষার্থীর ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ পাওয়া যায়। পরে এক শিশুর পরিবার বিষয়টি জানতে পেরে পুলিশকে অবহিত করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা মাদ্রাসার সামনে বিক্ষোভ করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন