কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারীর বিরুদ্ধে উদ্ধার করা বিপুল পরিমাণ গাঁজা বিক্রির অভিযোগ ওঠার পর তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে প্রায় ১৬০ কেজি গাঁজা জব্দ করার পর তা মাদক কারবারিদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ওসি আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ওসি আবদুল বারী বলেন, একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার দাবি, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরও বলেন, অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজন হলে চাকরি ছেড়ে দেবেন, তবে মিথ্যা অপবাদ মেনে নেবেন না।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন