দীর্ঘ কূটনৈতিক আলোচনার পর বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে নীতিগত সম্মতি দিয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত আরও ৫ হাজার রোহিঙ্গাকেও ফেরত নিতে রাজি হয়েছে দেশটি বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মঙ্গলবার স্থানীয় সময় মালয়েশিয়ার চেন্নাহ এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখে ধারাবাহিক আলোচনার ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে। কূটনৈতিক সংলাপের মাধ্যমে মিয়ানমার বাংলাদেশে আশ্রিত ৩ লাখ এবং মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের মতো সংবেদনশীল বিষয় দ্রুত সমাধান সম্ভব নয়। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে ধৈর্য, আস্থা ও সুপরিকল্পিত কূটনৈতিক প্রচেষ্টা প্রয়োজন।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, অতীতে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দাবি বহুবার উঠলেও মিয়ানমার তাদের গ্রহণে সম্মতি না দেওয়ায় সেই উদ্যোগ বাস্তবায়ন করা যায়নি। তবে বর্তমান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের উদ্দেশে আনোয়ার ইব্রাহিম বলেন, তারা যেন স্থানীয় আইন-কানুন মেনে চলেন এবং এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হন, যাতে সাধারণ মানুষের ভোগান্তি বা জনশৃঙ্খলার অবনতি ঘটে।
রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে মিয়ানমারের এই সম্মতি বাস্তবায়নের ক্ষেত্রে পরবর্তী কূটনৈতিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
সূত্র: দ্য স্টার
মন্তব্য করুন