ধর্মীয় উগ্রবাদ ও ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরুদ্ধে গণবিপ্লব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। শনিবার কুষ্টিয়ার ভেড়ামারায় আয়োজিত এক জনসভায় তিনি এ আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, প্রচলিত রাষ্ট্র ও শাসনব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া জীবন-ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আদর্শভিত্তিক গণবিপ্লব প্রয়োজন। তার দাবি, ব্রিটিশ আমলে প্রবর্তিত রাষ্ট্রীয় কাঠামো জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, পবিত্র কোরআনে সুদের পাশাপাশি ধর্মের বিনিময়ে অর্থ গ্রহণ বা ধর্মকে ব্যবসার মাধ্যম বানানোরও নিন্দা করা হয়েছে। তার অভিযোগ, এসব বিষয় তুলে ধরার কারণেই একটি স্বার্থান্বেষী উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।
সম্প্রতি ঢাকায় একটি অনুষ্ঠানে হেযবুত তওহীদের সদস্যদের প্রকাশ্যে জবাই করার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করে তিনি এর তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এ ধরনের হুমকি স্বাধীন ও সভ্য রাষ্ট্রের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এ ধরনের ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় আমির মো. তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী।
বক্তারা ধর্মীয় সহিংসতা, উগ্রবাদ ও ঘৃণার রাজনীতির পরিবর্তে শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন