নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন শ্রমিককে মাদককারবারির অপবাদ দিয়ে অপহরণ, টর্চারসেলে আটকে নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৫ জুলাই) বিকেলে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত বাচ্চু (৪৫) ও মঞ্জু (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা ফতুল্লার নরসিংপুর ও সলিমনগর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে নানা অপকর্ম চালিয়ে আসছিল।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব জানান, সম্প্রতি দায়ের করা একটি মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা শ্রমিকদের একটি টর্চারসেলে আটকে নির্যাতন করে মুক্তিপণ আদায় করত। অভিযানের সময় তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই রাতে ফতুল্লার বিসিক এলাকায় একটি গার্মেন্টসের লোড-আনলোড শ্রমিক ফুল মিয়া, রুহুলসহ তিনজনকে মাদককারবারির অভিযোগ তুলে জোরপূর্বক তুলে নেওয়া হয়। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের সদস্যরা শেষ পর্যন্ত আড়াই লাখ টাকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
এদিকে স্থানীয়দের অভিযোগ, গ্রেপ্তার বাচ্চু ও মঞ্জুর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে মাটির নিচে থাকা বিদ্যুতের মূল্যবান ক্যাবল চুরি, চাঁদাবাজি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ভয়ভীতির কারণে অনেকেই এতদিন প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাননি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর পাশাপাশি তাদের বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন