টানা বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় রাঙামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের জলকপাট খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিট থেকে বাঁধের ১৬টি স্পিলওয়ে গেটের প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়।
এর ফলে কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা পানির চাপ নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় কাপ্তাই হ্রদের পানির স্তর ছিল ১০৪ দশমিক ১১ এমএসএল (মিন সি লেভেল)। যেখানে হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক ভারী বর্ষণে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জলকপাট খুলে দেওয়া হয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ এবং আবহাওয়ার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রাথমিকভাবে স্পিলওয়ের গেট ৬ ইঞ্চি খোলা হয়েছে। ভবিষ্যতে পানির প্রবাহ আরও বাড়লে ধাপে ধাপে গেট আরও খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বৃদ্ধি করা হবে।
তিনি জানান, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে।
এদিকে জলকপাট খোলার পর কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। পরিস্থিতির ওপর নজর রেখে প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন