এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন প্রায় ১৮ লাখ পরীক্ষার্থী। ফল কবে প্রকাশ হবে—এ প্রশ্নের উত্তর জানতে উৎকণ্ঠায় রয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। এদিকে শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, ফল প্রস্তুতের সব কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তরপত্র মূল্যায়ন, প্রধান পরীক্ষকদের মাধ্যমে পুনঃযাচাই, জিপিএ নির্ধারণসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে ফলাফলের চূড়ান্ত যাচাই-বাছাই চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মঙ্গলবার (২৮ জুলাই) শতভাগ ফল প্রস্তুত হয়ে যাবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, বোর্ডের পক্ষ থেকে ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যেই ফল প্রস্তুতের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। এরপর ফল প্রকাশের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা বোর্ডের একাধিক সূত্র বলছে, এবারও উত্তরপত্র মূল্যায়নে গত বছরের নীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ পরীক্ষার্থীরা উত্তরপত্রে যা লিখেছেন, তার ভিত্তিতেই নম্বর দেওয়া হয়েছে। অতিরিক্ত নম্বর, গ্রেস মার্ক কিংবা সহানুভূতিশীল মূল্যায়নের কোনো সুযোগ রাখা হয়নি।
ফল প্রস্তুত হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং প্রধান উপদেষ্টার সম্মতি সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।
শিক্ষা সংশ্লিষ্টদের ধারণা, সব আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে খুব শিগগিরই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। তাই এখন শেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছেন দেশের লাখো এসএসসি পরীক্ষার্থী ও তাদের পরিবার।
মন্তব্য করুন