বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনায় শুধু পুরুষকে শাস্তির আওতায় আনার বিধানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এ বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
সম্মতিমূলক সম্পর্ককে অপরাধ হিসেবে গণ্য করার বৈধতাও প্রশ্নে
রুলে আদালত জানতে চেয়েছেন, প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের পারস্পরিক সম্মতিতে গড়ে ওঠা সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র ভিত্তিতে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করার বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না।
একই সঙ্গে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’-এ সংযোজিত সংশ্লিষ্ট বিধান কেন সংবিধানবিরোধী, অকার্যকর ও বাতিল ঘোষণা করা হবে না—সেই ব্যাখ্যাও চেয়েছেন আদালত।
সম্পূরক রুল জারি
এর আগে একই বিষয়ে দায়ের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রাথমিক রুল জারি করেছিলেন। সর্বশেষ সম্পূরক রুলের মাধ্যমে সংশোধিত আইনের সাংবিধানিক বৈধতার বিষয়টি আরও স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
আইন বিশেষজ্ঞদের মতে, এই রুলের মাধ্যমে বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কসংক্রান্ত নতুন আইনি বিধানের সাংবিধানিক বৈধতা ও সমতার নীতি নিয়ে উচ্চ আদালতে গুরুত্বপূর্ণ আইনি আলোচনা শুরু হলো।
মন্তব্য করুন