দুর্নীতির অভিযোগে তদন্তাধীন দেশের বিভিন্ন সিটি করপোরেশনের চার কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। গত ২৬ জুলাই যুগ্মসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে।
যাদের বিরুদ্ধে তদন্ত চলছে
চিঠি অনুযায়ী, তদন্তাধীন কর্মকর্তারা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুর রহমান, ডিএসসিসির সাবেক ও বর্তমানে বরিশাল সিটি করপোরেশনে বদলিকৃত অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মাদ শাহীন-উল ইসলাম চৌধুরী (বর্তমানে ময়মনসিংহ সিটি করপোরেশনে বদলির আদেশাধীন) এবং নির্বাহী প্রকৌশলী (পুর) (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (বর্তমানে রংপুর সিটি করপোরেশনে বদলির আদেশাধীন)।
দেশত্যাগের আশঙ্কা
স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, দুর্নীতির অভিযোগে তদন্তাধীন এসব কর্মকর্তা গোপনে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন। এ পরিস্থিতিতে তদন্তকারী কর্মকর্তারা তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশযাত্রা বন্ধ রাখার আবেদন জানান।
মন্ত্রণালয়ের নির্দেশ
ওই আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে, যাতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত চার কর্মকর্তা দেশ ত্যাগ করতে না পারেন।
এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্যও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন