নরসিংদীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্য, মাদক কারবারি, জাল নোট বহনকারী ও কথিত কোর্ট কমিশনারসহ বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে অপহৃত এক ভিকটিমকে উদ্ধার এবং ইয়াবাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
মনোহরদী থানা পুলিশ চকমাধবদী এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। এ সময় মাহবুব (২৪) ও মাকসুদ (২৫) নামে আরও দুজন কৌশলে পালিয়ে যায়। অভিযান চালিয়ে একজন অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাহারিয়া শেখ (২৪), জুনায়েদ হাসান (২৬), তাহমিনা আক্তার (২৪) ও মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)।
পুলিশের অভিযোগ, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায় করে আসছিল। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ১৩, তারিখ ১২ আগস্ট ২০২৬। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মাধবদী থানা পুলিশ বীরামপুর কৃষি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন—জাহাঙ্গীর আলম (৫৪) ও মামুন সরকার (৩৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় আগে থেকেই আটটি মাদক মামলা রয়েছে।
পলাশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সজিব মিয়া (২৭) নামে এক যুবককে ৫ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার করেছে।
এ ছাড়া জালিয়াতির মাধ্যমে তৈরি ভুয়া খাজনা দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রির চেষ্টার অভিযোগে রিফাত মোল্লা নামে এক কথিত সিভিল কোড কমিশনারকেও গ্রেফতার করেছে পুলিশ।
পলাশ থানা পুলিশের আরেক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আল আমিন (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল, অপরাধ দমন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসব ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন