চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কেজি ওজনের বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সোনা পাচারের অভিযোগে মো. রবিউল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
শনিবার (১ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, পারকেষ্টপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের চেষ্টা হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৮–এর কাছে বিজিবির একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। পরে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে তার কাছ থেকে বিভিন্ন আকৃতির মোট ৩৯টি সোনার পিস উদ্ধার করা হয়। জব্দ করা সোনার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। পাশাপাশি একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকাও জব্দ করা হয়েছে।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ভারতে পাচারের উদ্দেশ্যে সোনাগুলো বহন করার কথা স্বীকার করেছেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) জানিয়েছে, আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জব্দ করা সোনা সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় সোনা ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন