ঢাকার সাভারে একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন স্থানীয় সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। একই সময়ে তাঁর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে একটি মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি এবং ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিনকে আরেকটি স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও আইনি প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, গত ৯ জুলাই গাজিরচট আকবর মন্ডল উচ্চবিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে এমপি সালাউদ্দিনকে অনুমোদন দেয় ঢাকা শিক্ষা বোর্ড। তবে উচ্চ আদালতের পূর্ববর্তী রায় অনুযায়ী, সংসদ সদস্যদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হওয়ার সুযোগ নেই বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।
অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ার আগেই মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি পরিবর্তন করে এমপির স্ত্রী সাবিনা সিদ্দিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া গত জুনে এমপির ছোট ভাই দেওয়ান মোহাম্মদ মঈনউদ্দিনকে শিমুলিয়া শ্যামা প্রসাদ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়।
তবে এসব নিয়োগে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেছেন সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর ভাষ্য, শিক্ষা বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয় যথাযথ নিয়ম মেনেই সভাপতি নিয়োগের অনুমোদন দিয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা ও সাবেক সভাপতি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।
মন্তব্য করুন