ভারতের বাংলাদেশ সফর নিয়ে শেষ আশাটুকুতেও যেন জল ঢেলে দিল আফগানিস্তান। সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে।
আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ভারত–আফগানিস্তানের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।
সোমবার (১০ আগস্ট) বাণিজ্যিক অংশীদারদের কাছে পাঠানো এক চিঠিতে এই সূচি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। একই সঙ্গে বোর্ডটি জানিয়েছে, দিনক্ষণ ও ভেন্যু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্মতিতেই চূড়ান্ত করা হয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান জানান, ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ডই একমত হয়েছে।
আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি থাকলেও সম্প্রচার ও বাণিজ্যিক প্রস্তুতির সুবিধার্থে অংশীদারদের আগেভাগেই বিষয়টি জানানো হয়েছে।
এই ঘোষণার সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ছয়টি সাদা বলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ থাকায় বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে।
ফলে শেষ মুহূর্তে বিশেষ কোনো সিদ্ধান্ত না এলে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজটি আপাতত অনিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
এদিকে ঐতিহাসিক এই সিরিজকে ঘিরে সম্প্রচার আয়োজনও জোরেশোরে এগোচ্ছে। সম্প্রচার স্বত্বধারী আইটিডব্লিউ ইউনিভার্স টেলিভিশন স্বত্ব নিয়ে জিওস্টার, সনি স্পোর্টস ও জি নেটওয়ার্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সম্প্রচারকারী প্রতিষ্ঠান চূড়ান্ত হতে পারে। ডিজিটাল স্বত্ব রয়েছে ফ্যানকোডের কাছে।
সিরিজটিকে আরো আকর্ষণীয় করে তুলতে একটি ম্যাচ ১৪ সেপ্টেম্বর, গণেশ চতুর্থীর (হিন্দু দেবতা গণেশের জন্মবার্ষিকী উদযাপনের বিশেষ দিন) দিনে আয়োজনের প্রস্তাবও দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা চলছে। আইটিডব্লিউ ইউনিভার্সের সহপ্রতিষ্ঠাতা ভৈরব শান্ত মনে করেন, এমন উদ্যোগ দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ককে আরো দৃঢ় করবে এবং সিরিজটিকে বিশেষ মাত্রা দেবে।
ভারত ও আফগানিস্তানের মধ্যে এটি হবে আফগানিস্তানের আয়োজনে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ, যা দুই দেশের ক্রিকেট সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন