নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে দেবরসহ তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় দেবর আলাল মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা।
নিহত আমলাবো এলাকার বাবুল মীরের স্ত্রী। গ্রেপ্তাররা হলেন- নিহতের দেবর আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া।
নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘আমলাবো এলাকার বাবুল মীর তার জমিতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন।
ওই বিল্ডিং নির্মাণ করতে গিয়ে সীমানা নিয়ে বাবুল মীরের আপন ভাই আলাল মিয়া বাধা দিয়ে আসছেন। এ নিয়ে বেশ কয়েক দিন ধরে তাদের মাঝে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সঙ্গে দেবর আলাল মিয়ার তর্ক-বিতর্ক ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলাল মিয়া, জোসনা বেগম, শাকিল মিয়া ও হাসানসহ ৫-৬ জন মিলে নাসিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা রাতে তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরো জানান, এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় আলাল মিয়া, আলাল মিয়ার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়াকে শুক্রবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গ্রেপ্তারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন