
প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে বক্তব্য দিতে যাচ্ছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি অংশ নেবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এ অনুষ্ঠান নয়াদিল্লির সার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সংগঠনটির সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম প্রকাশ্য অংশগ্রহণ
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে যান। এরপর দীর্ঘ সময় তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা আনুষ্ঠানিক গণমাধ্যমের সাক্ষাৎকারে অংশ নেননি। ফলে এই অনুষ্ঠানকে তার প্রথম প্রকাশ্য উপস্থিতি হিসেবে উল্লেখ করেছে ইন্ডিয়া টুডে।
অনুষ্ঠানে যাদের থাকার কথা
আয়োজকদের আমন্ত্রণপত্র অনুযায়ী, শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল প্যানেলে অংশ নেওয়ার কথা রয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকীর।
এ ছাড়া জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ারও আলোচনায় যুক্ত থাকতে পারেন বলে আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবস (আইএপিসি)-এর সভাপতি ড. ওয়াইল আউয়াদ।
তবে অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের তালিকা বা উপস্থিতি বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে চূড়ান্ত কোনো হালনাগাদ ঘোষণা প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন