অনিয়ম ও সেবায় অবহেলার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদারসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়ার পর এ সিদ্ধান্ত নেন।
সোমবার (৩ আগস্ট) সকালে জেলা প্রশাসক কাশিমপুর ও সফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শনের সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভূমি অফিসের বিভিন্ন অনিয়ম, দুর্ভোগ ও সেবায় বিলম্বের বিষয়ে অভিযোগ তুলে ধরেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ওয়াজেদ আলী খানসহ চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।
পরে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসেও পরিদর্শনে যান। সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট তহসিলদারকে সতর্ক করা হয় এবং জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’— এমন একটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সঠিক নয় বলে জানানো হয়েছে।
প্রশাসনের ব্যাখ্যায় বলা হয়, বরখাস্তের সিদ্ধান্ত কেবল কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের চার কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। জেলার অন্য কোনো ভূমি অফিসের কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
জেলা প্রশাসন জানিয়েছে, ভূমি অফিসে সেবার মান উন্নয়ন, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে নিয়মিত তদারকি এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
মন্তব্য করুন