পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের বিদেশি আবাসন এলাকায় দুই রুশ নাগরিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত অপর রুশ নাগরিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সকালে রূপপুর গ্রিন সিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কুদরিন সার্গেই (৫৬)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেম-এ আল্ট্রাসনিক টেস্টিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রিন সিটির ৬ নম্বর ভবনের ৫১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত অপর রুশ নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে দুই রুশ নাগরিকের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের গ্রিন সিটি হাসপাতালে নেওয়া হলে কুদরিন সার্গেইর শারীরিক অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন